ক্ষমতায় থাকতে বিএনপি নেতাদের অবৈধভাবে আহরণ করা সম্পদেরও হিসাব নেওয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন নির্মাণাধীন আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপি নেতারা মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের সম্পদেরও খোঁজ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘শুধু দলীয় লোক নয়, বিএনপি সরকারের আমলে অবৈধভাবে যে সম্পদ আহরণ করা হয়েছে, সেগুলোর হিসাবও নেওয়া হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের গ্রেপ্তারের গুঞ্জন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন; তিনিই বলার যথাযথ কর্তৃপক্ষ। শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন। ওয়েট অ্যান্ড সি।’
এসময় সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, সড়ক নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে গঠন করা টাস্কফোর্সের কাজ দ্রুতই শুরু হবে।
