বিএনপির বড় বড় নেতা প্রকৃতপক্ষে রাজনীতির মাঠের ‘কাক’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘রাস্তায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়া হলে অনেক কাক জড়ো হয়। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে।’
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এমএ মান্নানের
দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে আজকে যারা জাতীয় নেতা, তাদের প্রত্যেকের পেছনে অনেক সংগ্রামী ইতিহাস আছে। জীবনকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর অনেক ঘটনা আছে যেটি বিএনপি নেতাদের নেই।’
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আর বিএনপি তাদের সংবিধানের গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা বাদ দিয়েছে। ৭ নম্বর ধারায় ছিল, কেউ যদি দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয় এবং তার বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি তাদের দলের কোনো পদে থাকতে পারবেন না।’ তিনি বলেন, ‘বিএনপি এই ধারা বাদ দিয়ে সব দুর্নীতিগ্রস্তকে তাদের দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে যেসব অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। তিনি ক্যাসিনো, মাদক ও অনিয়ম বন্ধ করছেন।’
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
