ভারতীয় জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’ আক্কেল চ্যালেঞ্জারের দশম সিজনে অংশ নিচ্ছেন বাংলাদেশের ১২ প্রতিযোগী। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছে কমেডি রিয়্যালিটি শো’টির বাংলাদেশ পর্বের অডিশন।
অডিশন শেষে বিচারকদের রায়ে বাংলাদেশের ১২ জন প্রতিযোগী মীরাক্কেল ১০ এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
২৭ সেপ্টেম্বর কলকাতার বিচারকদের পাশাপাশি এদেশের মীরাক্কেলিয়ানরাও যোগ দিয়েছিলেন অডিশন নেওয়ার পর্বে। বিচারকের আসনে বসেছিলেন আবু হেনা রনি, কমরউদ্দিন আরমান, এমদাদুল হক হৃদয়সহ আরও অনেকে।
উল্লেখ্য, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীর আফসার আলী। মূল পর্বগুলোতে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়।
