দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তারেক: এইচ টি ইমাম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তারেক রহমান দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। এ কারণে তার ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য ইন্টারপোল ও যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এইচ টি ইমাম সোমবার সিলেট নগরীর কবি নজরুল মিলনায়তনে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই’র সহযোগিতায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এইচ টি ইমাম আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তরুণ সমাজকে নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি তাদের মতামতকেও গুরুত্ব দেন। এ কারণে গত গত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরই ধারাবাহিকতায় ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় করা হচ্ছে।

অনুষ্ঠানে দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সুপ্রাচীন দল আওয়ামী লীগের অবদান, দেশ পরিচালনায় ভূমিকাসহ ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মও আওয়ামী লীগকে নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।    

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, জাতীয় সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত