বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকারের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইলিয়ড, ওডিসির মতো দুর্নীতির মহাকাব্য লেখা যাবে। চারদিকে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। কিন্তু এ ভয় কেটে যাবে। জনগণ ঠিকই জবাব দেবে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরে রিজভী বলেন, অনেক লোক একত্রে জড়ো হতে দেখলেই আওয়ামী সরকার আতঙ্কিত হয়ে ওঠে। বাধা দেয়। তারপরও সব বাধা অতিক্রম করে রাজশাহীর সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছিল। তাদের ভয়ের কারণ তারা তো অপরাধী। অবৈধ সত্তা নিয়ে ক্ষমতায় বসে আছে। মধ্যরাতের নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করেছে।
তিনি বলেন, লোকদেখানো দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে মধ্যরাতের নির্বাচন, ভোট ডাকাতি ধামাচাপা দিতে পারবেন না। সরকারের এত পুলিশ, র্যাব থাকার পরও নাকি একটি লোককে খুঁজে পাচ্ছে না। সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, সেই করা হচ্ছে– এ তামাশা কেন? এটা কি মানুষ বোঝে না? এতগুলো ক্যাসিনোর ভাগ কাদের পকেটে যেত?
ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় এক অনুষ্ঠানে বলেছেন, দুর্নীতির জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এত দিন আপনি কী করেছেন? আপনি কি অন্ধ হয়ে গিয়েছিলেন? আপনি কি কোনো দিন তাকিয়ে দেখেননি কী কী ঘটনা ঘটছে?
ওলামা দলের আহ্বায়ক মওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ওলামা দলের সদস্য সচিব মওলানা নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মওলানা কাজী আবুল হোসেন প্রমুখ।
