ফুটওয়ার্ক উন্নতিতে সিন্ধুর কাছে দীক্ষা নেবেন পৃথ্বী

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১১:২৭ পিএম

ভারতীয় তরুণ ক্রিকেট তারকা পৃথ্বী শ। নিজের ফুটওয়ার্ক উন্নতির জন্য যিনি স্বদেশি ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর শরণাপন্ন হতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসস্টার তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছ।

পিভি সিন্ধু ক’দিন আগেই প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনা। এ ছাড়া রিও অলিম্পিকেও পদক জেতেন এই তারকা।

গেল বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেক হয় পৃথ্বীর। অভিষেকেই সেঞ্চুরির কীর্তি গড়েন ১৯ বছর বয়সী তারকা। দুটি টেস্ট খেলেছেন ওই সিরিজে। এরপর চোটের কারণে ছিটকে যান। কিছুদিন আগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে আপাতত নিষিদ্ধ তিনি সব ধরনের ক্রিকেটে।

পৃথ্বীর আট মাসের নিষেধাজ্ঞা ১৬ মার্চ শুরু হয়েছে। শেষ হবে ১৫ নভেম্বর। তবে ফেরার জন্য আগে থেকেই নিজেকে তৈরি করছেন পৃথ্বী। মাঝে ছিলেন ইংল্যান্ডে। সূত্রের বরাত দিয়ে স্পোর্টসস্টার জানায়, এই সপ্তাহ থেকেই সিন্ধুর সঙ্গে কাজ শুরু করতে পারেন পৃথ্বী।

অবশ্য পৃথ্বীই প্রথম কোনো ক্রিকেটার হিসেবে যে নিজের উন্নতির জন্য ব্যাডমিন্টন খেলার কৌশল রপ্ত করবেন তা নয়। কিংবদন্তি সুনীল গাভাস্কার নিজের ফুটওয়ার্ক উন্নতির জন্য নিয়মিত ব্যাডমিন্টন খেলতেন। কপিল দেব, শচীন টেন্ডুলকারও ছিলেন এই দলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত