পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পুঞ্জীভূত লোকসানে থাকলেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা থেকে নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে। অর্থাৎ কোনো কোম্পানি পূর্বে লোকসানে থাকার কারণে প্রতিষ্ঠানটির যদি পুঞ্জীভূত লোকসান তৈরি হয় এবং সর্বশেষ হিসাব বছরে যদি মুনাফায় আসে, তাহলে সেই মুনাফা থেকে লভ্যাংশ দিতে কোনো বাধা নেই। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এসইসি জানিয়েছে, ২০১৮ সালের ২০ জুন বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বিতরণ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে এসইসি। পরবর্তী সময়ে বোনাস শেয়ার সংক্রান্ত আরও একটি প্রজ্ঞাপন চলতি বছরের ২৩ মে প্রকাশ করে। এ দুটি বিষয়ে বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে অধিকতর স্পষ্ট করার প্রয়োজনে নগদ লভ্যাংশ সংক্রান্ত কমিশনের ব্যাখ্যায় এই তথ্য জানিয়েছে বিএসইসি।
ব্যাখ্যায় বলা হয়েছে ‘অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহ পুঞ্জীভূত লোকসান বিদ্যমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বছরের অর্জিত মুনাফা হতে নগদ লভ্যাংশ সুপারিশ, ঘোষণা ও বিতরণ করতে পারবে।’
