জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পুকুর ভরাট করে ১০ তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ বন্ধ করতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে জয় বাংলা ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে এক দফা দাবিতে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন তারা।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, উন্নয়নের স্বার্থে পুকুরটির কিছু অংশ ভরাট করা হচ্ছে। আগামী পরিকল্পনায় আরও পুকুর থাকবে। শিক্ষার্থীদের দাবিকে সম্মান দেখিয়ে গাছ কাটা ও সম্পূর্ণ পুকুর ভরাট করা হচ্ছে না। তবে ভবন নির্মাণের জন্য কিছুটা ছাড় সবাইকেই দিতে হবে। গাছ ও পুকুরের সৌন্দর্য রক্ষা করেই কাজ করার নির্দেশ দিয়েছি। সকাল ১০টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সম্ভব হয়নি।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী হাসিব ইসলাম বলেন, ‘বটগাছ ও পুকুর ধ্বংস করে কোনো উন্নয়ন আমরা চাই না। প্রাণ-প্রকৃতি রক্ষা করে উন্নয়ন করতে হবে।’ আরেক শিক্ষার্থী সাকিব বলেন, ‘পকুর ভরাট করার নাটক আর সহ্য করা হবে না। পুকুর রেখে উন্নয়ন করতে হবে।’
