সোনারগাঁয়ে বোনের সামনে রিকশা থেকে নামিয়ে ডালিম (২৬) নামের এক বালু ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার উদ্ধবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহত ডালিমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডালিমের বাবা আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা অভিযোগ থেকে জানা যায়, মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের খেলু মিয়ার ছেলে আমানউল্লাহ ও তার কয়েক বন্ধু কিছুদিন আগে ডালিমের বাড়ির পাশে মদ্যপান করে মাতলামি করছিল। ওই সময় ডালিম তাদের বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে তর্কবিতর্কও হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক রোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডালিম মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার পথে উদ্ধবগঞ্জ বাজার এলাকায় তার বোনের সামনে রিকশা থেকে নামিয়ে প্রতিপক্ষ আমানউল্লাহ, আক্তার ওরফে জাবেদ ও সালাতউল্লাহ একত্র হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন উদ্ধবগঞ্জ বাজারে অবস্থিত অভিযুক্ত আমানউল্লাহর দোকানে তালা ঝুলিয়ে দেয়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, বালু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
