বল স্ট্যাম্পে লাগলেও বেল পড়ল দেরিতে, এরপর?

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৬:০৯ পিএম

রানের জন্য ছুটলেন ব্যাটসম্যান। কিন্তু ফিল্ডারের সরাসরি থ্রো লাগল উইকেটে। ক্রিজে পৌঁছার আগেই। না, আউট হলেন না ব্যাটসম্যান। তিনি পপিং ক্রিজে পৌঁছার আগে স্ট্যাম্পে বল লেগেছে ঠিক। কিন্তু বেল যখন পড়ল ততক্ষণে পৌঁছে গেছেন ক্রিজে। কিন্তু এতটুকু ঘটনার মাঝে নাটক কম হলো না।

বিশাখাপত্তনমেতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে এমন ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৬২তম ওভারের ঘটনা। বল করছিলেন রবীন্দ্র জাদেজা। ডিন এলগার এবং কুইন্টন ডি কক ব্যাট করছিলেন।

জাদেজার করা ওভারটির দ্বিতীয় বলে এলগারের কাভার ড্রাইভ করেই ছোটেন রানের জন্য। কাভারে ফিল্ডিং করা অশ্বিন সরাসরি থ্রো করেন নন-স্ট্রাইকিং প্রান্তের উইকেট বরাবর। জাদেজা দাঁড়িয়ে ছিলেন উইকেটের সামনের দিকে।

স্ট্যাম্প ভেঙে যাওয়ার পরে যথারীতি রান আউটের আবেদন ওঠে। তবে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের ধারণা ছিল বল সংগ্রহ না করেই জাদেজা হাত দিয়ে উইকেট ভেঙেছেন। তাই তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন তিনি।

রিপ্লেতে দেখা যায়, বল জাদেজার হাতে লাগার আগেই উইকেট ছোঁয়। তবে সঙ্গে সঙ্গেই স্ট্যাম্প থেকে বেল পড়েনি। বরং কিছুক্ষণ পর বেল পড়ে। মজার ব্যাপার হলো, বল স্ট্যাম্পে লাগার সময় এলগার ক্রিজে না থাকলেও বেল পড়ে যাওয়ার সময়ে এলগার ক্রিজেই ছিলেন। রান আউট থেকে তাই বেঁচে যান তিনি।

প্রথম ইনিংসে এলগারের ব্যাট থেকে এসেছিল ১৬০ রান। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা অবশ্য ২০৬ রানে নিজেদের করে নেয় ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত