ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল নিজেদের অষ্টম ম্যাচে ইত্তিহাদে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন। লিগে এটি সিটিজেনদের দ্বিতীয় হার। এই হারে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ৮। ১৯৭৯ সালের পর শীর্ষ পর্যায়ের কোনো ম্যাচে সিটিকে হারাল উলভসরা। তবে হারের পরও ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। নিউক্যাসেলের সঙ্গে ১-০ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে ওলে গানার সোলসকায়েরের দল।
এছাড়া লিগের অন্য দুই ম্যাচে আর্সেনাল ১-০ গোলে এফসি বোর্নমাউথকে এবং চেলসি ৪-১ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে।
ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত তেমন কোনো আক্রমণ করতে পারেনি ম্যানসিটি। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের ৮০ মিনিটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন অ্যাডামা ট্রাওরে। গোল খেয়ে তা শোধে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে নিজের ও ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ট্রাওরে। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম গোল পেলেন ট্রাওরে। আর সব শেষ ৪৫ লিগ ম্যাচে দ্বিতীয়বারের মতো গোল পেল না গার্দিওলার দল।
ঘরের মাঠ এমিরিটসে আর্সেনালকে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে দেন ডেভিড লুইস। জয়ের ফলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে উঠে এলো উনাই এমেরির দল। চেলসি ৪-১ গোলের জয়ে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে লিগ টেবিলের পাঁচে। চেলসির হয়ে গোল করেন টামি আব্রাহাম, ম্যাসন মউন্ট, এনগোলো কান্তে ও মিচি বাতসুয়ানি।
