ফেনী নদীর পানি ভারতকে দিলে ক্ষতির কিছু নেই: কৃষিমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৩ পিএম

ভারতকে ফেনী নদীর পানি দিলে ক্ষতির কিছু নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।

তিনি বলেন, ‘ফেনী নদীতে পানি থাকলে তা ভারতকে দিলে আমাদের দেশের ক্ষতির কিছু নেই। আমাদের দেশের বিশেষজ্ঞরা এ ব্যাপারে অভিমত দিয়েছেন।’

রবিবার রাত ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিস্তা চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে।

তিনি বলেন, আমাদের ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সামাজিক রীতিনীতি একই। তাদের সঙ্গে মূলত ধর্ম ছাড়া আমাদের কোনো পার্থক্য নেই। পুরা ভারতবর্ষ (তিস্তার পানি) দিতে চাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাচ্ছেন না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা আশা করি, শিগগিরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন।

তিনি বলেন, যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে সেই আদর্শ থেকে একটুও বিচ্যুত হয়নি। আওয়ামী লীগ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষের সহাবস্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেই সম্প্রীতি ধরে রেখেছে।

এ সময় টাঙ্গাইল-৮ আসনের সাবেক সাংসদ অনুপম শাজাহান জয়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত