রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রী

আর কিছুদিন বিদেশে থাকেন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:২৫ এএম

প্রবাসীদের আরও কিছুদিন বিদেশে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আর কিছুদিন বিদেশে থেকে আমাদের সহযোগিতা করুন। এরপর আর বিদেশে থাকতে হবে না। আমরা ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে আর বিদেশে থাকতে হবে না। দেশে এসে তখন আপনারা ব্যবসা করবেন। মানুষকে কাজ দেবেন।

গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবিতে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আপনারা বিদেশের ব্যাংকে টাকা রাখলে সেসব ব্যাংকে আপনাদের ফি দিতে হয়। বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে ফি তো নেওয়া হয়ই না; উল্টো উচ্চহারে সুদ দেওয়া হয়। সুতরাং আমাদের ওপর আস্থা রাখুন। আপনাদের আমানতের কোনো ক্ষতি হতে দেব না। তিনি বলেন, প্রতি বছর ১৫ থেকে ১৬ বিলিয়ন রেমিট্যান্স আসত। তবে বর্তমানে রেমিট্যান্সে যে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে তাতে এবার ২০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করছি। রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া শুরু হয়েছে। এছাড়া ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো সহজ ও ঝামেলামুক্ত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির সব সূচক নেতিবাচক হলেও রেমিট্যান্সের সূচক নেতিবাচক হবে না। কারণ এর বিশ্ববাজার অনেক বড়। যেখানে পোশাকে বিশ্ববাজারের আকার হচ্ছে ৪০০ বিলিয়ন ডলার, রেমিট্যান্সের বাজার ১৮১২ বিলিয়ন ডলারের।

প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠাতে উৎসাহিত করতে ২০১৪ সাল থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এবার ৫টি শ্রেণি- সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী, ব্যবসায়ী, রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও রেমিট্যান্স পাঠানো অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে মোট ৩৬টি অ্যাওয়ার্ড দেওয়া হয় ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী, অনিবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত