সাগরযাত্রার প্রস্তুতিতে মুখর পাইকগাছার জেলেপল্লী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১২:৩৪ এএম

শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য খুলনার পাইকগাছার জেলেপল্লীগুলোতে ব্যাপক প্রস্তুতি চলছে। নতুন ট্রলার তৈরি ও পুরনো ট্রলার মেরামত, জাল বোনা ও জাল শুকানোর ধুম পড়ে গেছে। জেলেপল্লীর নারী-পুরুষরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। সুন্দরবন ও সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির মধ্য বিরাজ করছে তাদের সারা বছরের জীবিকা অর্জনের খুশির আমেজ।

পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটি, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়ুলী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নতুন ট্রলার তৈরি, পুরনো ট্রলার সংস্কার, জাল বোনা, নোঙর বা গেরাফি, ট্রলারের রং করা, জালে গাবের রস লাগানোসহ সমুদ্রে যাওয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে জেলেপল্লীর নারী-পুরুষরা এখন ব্যস্ত।

২১ সেপ্টেম্বর উপজেলার মালোপাড়া ঘুরে দেখা যায়, জেলেপাড়ার নারী-পুরুষ সবাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। বেশ কয়েকজন মৎস্যজীবীর (জেলে/মালো) নতুন ট্রলার তৈরি ও পুরনো ট্রলার মেরামত চলছে কপোতাক্ষ নদের তীরে বোয়ালিয়া ব্রিজের দুই পাশে।

বোয়ালিয়া জেলেপাড়ার অজয় বিশ্বাস বলেন, সরকার যদি ব্যাংকের মাধ্যমে মাছ ধরার জন্য ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে তারা মাছ ধরার উপার্জিত টাকা ঘরে আনতে পারেন। তা না হলে মহাজনের কাছ থেকে নেওয়া চড়া সুদের টাকা শোধ করার পর আর ঘরে ফিরে আসে না।

বোয়ালিয়া জেলেপল্লীর দীপঙ্কর বিশ্বাস বলেন, দুর্গাপূজার পর উপজেলার সব ট্রলার একসঙ্গে রওনা দেবে। মোংলা হয়ে সুন্দরবনের দুবলার চরে গিয়ে বাসা বেঁধে অবস্থান নেবে। এ নিয়ে জেলে পল্লীগুলোতে চলছে প্রস্তুতির মহাকর্মযজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত