ঢাকায় আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যা বলছে বাফুফে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৭:৩৫ পিএম

নভেম্বরে ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার প্রতিষ্ঠিত ফুটবল শক্তি আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। স্বয়ং প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার তিন দিন আগে একই ভেন্যুতে ভেনেজুয়েলার বিপক্ষেও খেলবে প্যারাগুয়ে।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি। তবে দেশটির একটি সংবাদমাধ্যমে আর্জেন্টিনা দলের ঢাকায় আসার কথা নিশ্চিত করা হয়েছে। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে ঢাকায় আসার খবর।

কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কি বলছে? এখনই দেশের ফুটবলের অভিভাবক সংস্থা নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে দলগুলোর চাহিদার বিষয় আছে, আর্থিক দিকও আছে। অন্যান্য আরও অনেক বিষয় আছে। সেগুলো নিয়ে কাজ চলছে। যদি তাদের চাহিদার সঙ্গে আমাদের ভাবনা মিলে যায়, তাহলে আশা করি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে পরিষ্কার বলতে পারব।’

বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীও বলেছেন অভিন্ন কথা, ‘নভেম্বরে আর্জেন্টিনার বাংলাদেশ সফরে আসার সমূহ সম্ভাবনা আছে। এখনো আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ আরও অনেক আলোচনার বিষয় আছে। আর্জেন্টিনার সঙ্গে বিদেশি আরও একটি দল থাকবে। আমরা এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

এর আগে ২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সে বছর ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেয় ৩-১ ব্যবধানে। মেসি গোল না পেলেও এসিস্ট ছিল দুটি।

মেসির অবশ্য এখন আন্তর্জাতিক ম্যাচে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। তবে নভেম্বরের শুরুতেই সেটি শেষ হবে। অর্থাৎ সব ঠিক থাকলে আবার ঢাকায় পা পড়তে পারে মেসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত