মহিলা সমিতিতে থিয়েটার আর্ট ইউনিটের ‘গোলাপজান’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৮:২৪ পিএম

থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘গোলাপজান’। নাটকটির ১৩৭তম মঞ্চায়নের অপেক্ষায় নাট্যদলটি। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহন’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান।

শুক্রবার (১১ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। এ উৎসবের দ্বিতীয় দিন (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘গোলাপজান’র ১৩৭তম প্রদর্শনী। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী।

‘গোলাপজান’ হলো আদি ঢাকার জীবন-জীবিকার স্মৃতিময় উচ্চারণ। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি। বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবী একজন নারীর ধনবাদী সমাজ ব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি ‘গোলাপজান’।

এদিকে থিয়েটার আর্ট ইউনিটের নাট্যযাত্রায় নতুন নাট্যকর্মী আহ্বান করা হয়েছে। আবেদন ফরম পাওয়া যাবে থিয়েটার কর্নার (বেইলী রোড), বিদিত (৩৯ আজিজ সুপার মার্কেট) এবং চিলেকোঠা (জাতীয় নাট্যশালা)। আবেদন করার শেষ তারিখ ১৩ অক্টোবর ২০১৯। আবেদনকারীদের নাট্যকর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দলের নিয়মিত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত