ঢাকার ঘটনা নিয়ে নোয়াখালীতে কর্মসূচি পালন ঠিক নয়: পুলিশ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১১:২৩ পিএম

বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবীতে নোয়াখালী টাউন হল মোড়ে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ছাত্রদের লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

মানববন্ধনে পুলিশি বাধার বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন জানান, ঢাকার ঘটনায় নোয়াখালীতে কর্মসূচি ঠিক নয় বিধায় তাদের বাধা দেওয়া হয়েছে। 

পরে সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশে মিলিত হয়। 

কর্মসূচিতে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ, বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। 
তারা হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে নানা স্লোগান দেন। 

এ সময় একাধিক শিক্ষার্থী বক্তব্য রাখেন, তারা আবরার হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 

শিক্ষার্থীরা জানান, তারা মাত্র টাউন হল মোড়ে দাঁড়াচ্ছিলেন। শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করতে চেয়েছেন। কিন্তু সুধারাম থানার পুলিশ তাদের লাঠিচার্জ করে এবং ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এরপর পুলিশ বিভিন্ন স্থানে ছাত্রদের বাধা দেয়। পরে তারা বাধা উপেক্ষা করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত