যুক্তরাষ্ট্র ও আফগান সেনাদের যৌথ অভিযানে আল-কায়েদার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)। সংস্থাটি এক টুইট বার্তায় আসিম উমর নামের ওই আল-কায়েদা নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে যুক্তরাষ্ট্র ও আল-কায়েদার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি।
এনডিএসের টুইটের বরাতে বিবিসি বলছে, গত ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যৌথ অভিযানের সময় মারা পড়েন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) প্রধান আসিম উমর। ওই অভিযানে প্রায় ৪০ জন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছে।
এনডিএস বলেছে, প্রদেশটির মুসা কালা জেলায় আল-কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত একটি এলাকায় উমর এবং একিউআইএসের বেশ কিছু সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে হামলা চালায় যৌথ বাহিনী।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় একিউআইএসের আরও ৬ সদস্য নিহত হয়েছে। যাদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক।
এনডিএস বলছে, উমর হরকাতুল মুজাহেদীন ও জয়েশ-ই-মোহাম্মদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন।
