সুবর্ণচরে ভোটের রাতে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:৩০ পিএম

সুবর্ণচরের চর বাগ্‌গায় চার সন্তানের জননীকে দল বেঁধে ধর্ষণ মামলায় বুধবার মামলার বাদী সিরাজ মিয়াকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বাদী সিরাজ মিয়া ধর্ষণের শিকার ওই নারীর স্বামী।

বাদীর আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, দুপুর ১২টায় নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক (জেলা জজ) শামছু উদ্দিন খালেদ এজলাসে উঠে ৩০ ডিসেম্বর রাতে ধর্ষণের বিচারকাজ শুরু করেন। এ সময় তিনি মামলার বাদী সিরাজ মিয়ার সাক্ষ্য নেওয়া শুরু করেন। এ আদালতে পি.পি মামুনুর রসিদ লাবলু প্রথমে বাদীর সাক্ষ্যগ্রহণ করলে আসামিপক্ষের আইনজীবী হারুনুর রসিদ হাওলাদার, আবুল হোসেন সাক্ষীর জেরা করেন।  

বাদী সিরাজ মিয়া আদালতকে জানান, ৩০ ডিসেম্বর গভীর রাতে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে বেচু, বুলু, হেঞ্জু, সোহেল, সালাউদ্দিন, বাদশা, জসিমসহ ডকে থাকা আসামিরা দরজা ভেঙে ঘরে ঢুকে হামলা করে। আসামিরা তাকেসহ তার ২ ছেলে ও ২ মেয়েকে গামছা ও ওড়না দিয়ে বেঁধে রেখে তার স্ত্রীকে জোরপূর্বক ঘরের পেছনে বাগানের পাশে নিয়ে যায় এবং তারা একের পর এক তার স্ত্রীকে (৪০) ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর কোনো রকমে  বের হয়ে ঘরের পেছনে গিয়ে তার স্ত্রীকে নির্যাতিত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।

সকালে স্ত্রীকে হাসপাতালে আনার জন্য সিএনজি ট্যাক্সি ডেকে আনলে রুহুল আমিন, বেচু, ভুলু ও হেঞ্জু তার স্ত্রীকে হাসপাতালে নিতে বাধা দেয়। তারপর দুপুর সাড়ে ১২টায় তিনি তার স্ত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং ১৭ দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নেন।

বিকেল ৫টায় সাক্ষীর জেরা শেষে আদালত আগামী ১৩ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করে। এর আগে বেলা ১১টায় ১৬ আসামির মধ্যে ১৪ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ আদালতে হাজির করে এবং সন্ধ্যা ৬টায় কারাগারে ফিরিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত