গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শুক্রবার শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১১:২০ পিএম

রাজধানীর পাঁচটি ভেন্যুতে শুক্রবার থেকে একযোগে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। এ আয়োজনে ভারতের ৪টি নাট্যদল, ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদলসহ আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটকের মোট ১২১টি সংগঠন অংশ নেবে। উৎসব হবে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তন এবং বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। উৎসবে মঞ্চস্থ হবে মঞ্চনাটক, পথনাটক, আবৃত্তি, সংগীত, নৃত্য ও মূকাভিনয়। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। অষ্টমবারের মতো এ উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি ও ভারতের মেঘনাদ ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নিপা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব পর্ষদের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। উদ্বোধনী আয়োজনে নৃত্য পরিবেশন করবে স্পন্দন। পরিচালনায় অনিক বসু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত