বন্যার্তদের জন্য অর্ধ কোটি টাকা দিলেন অমিতাভ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ০১:২৬ পিএম

দুর্যোগে পড়া মানুষের পাশে বরাবরই আছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি বিহারের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ৫১ লাখ রুপি দিলেন তিনি। এই টাকা গেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের ত্রাণ তহবিলে।

জি নিউজ জানায়, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয় পাটনাসহ বিহারের একাধিক স্থান। দুর্গতদের সাহায্যের জন্য সবার কাছে আবেদন করেন নিতীশ কুমার। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন বিগ বি। ৫১ লাখ রুপি দান করেন বলিউডের শাহেনশাহ।

অমিতাভ জানান, বিহারের বন্যা দুর্গত মানুষদের পাশে রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি সহমর্মী।

ইতিমধ্যেই বন্যার জেরে বিহারে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।

এর আগেও দুর্যোগের কবলে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন অমিতাভ। বিশেষ করে ঋণগ্রস্ত কৃষকদের একাধিকবার সাহায্য করে ভালোবাসা কুড়িয়েছেন সবার।

অমিতাভের সর্বশেষ ছবি সপ্তাহখানেক আগে মুক্তি পাওয়া ‘সাই রা নরসিং রেড্ডি’। তেলুগু বায়োপিকটিতে তিনি ক্যামিও চরিত্রে হাজির হয়ে প্রশংসা পেয়েছেন। প্রথম সপ্তাহের আয় দুইশ’ কোটির কাছাকাছি। বলিউডে এই নায়কের সর্বশেষ ছবি ‘বাদলা’। তাপসী পান্নুর সঙ্গে করা সেই ছবিও জমিয়ে ব্যবসা করেছে। বর্তমানে হাতে আছে ডজনখানেক বড় সিনেমা।

এ ছাড়া টিভিতে প্রচার হচ্ছে অমিতাভের আলোচিত গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত