ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক এক দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে এসেছে। এখন থেকে টেলিটক গ্রাহকরা নগদের সব সেবা নিতে পারবেন। এর জন্য টেলিটক গ্রাহকদের শুধু নগদ অ্যাকাউন্টের পিন সেট করে নিতে হবে।
এ উপলক্ষে গত বুধবার এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ফসল ‘নগদ’। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পথপ্রদর্শন নগদকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। এর সুফল দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইতিমধ্যেই পেতে শুরু করেছেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
