নাগরিকত্ব বিক্রির বাণিজ্য

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ এএম

যুদ্ধ, অর্থনৈতিক সন্ত্রাস, মানবিক বিপর্যয়সহ বিভিন্ন কারণে পৃথিবীর মানুষের মধ্যে আজ চরম অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার কেন্দ্রেই আছে মানুষের নিরাপদে থাকার প্রবণতা। যাদের হাতে ব্যয় করার মতো অলস অর্থ রয়েছে তারা চাইলে এই নিরাপদে থাকার নিরাপত্তা কিনছেন।

আজ থেকে ৫০ বছর আগেও দ্বৈত নাগরিকত্বের বিষয়টি দেশে দেশে অতটা চালু ছিল না। কিন্তু এখন বিশ্বের প্রায় অর্ধেক দেশেরই বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব প্রকল্প চালু আছে। সুইজারল্যান্ডের বিশ্লেষক ক্রিশ্চিয়ান ক্লেইনের মতে, প্রতিবছর বিনিয়োগ নাগরিকত্ব প্রকল্পে প্রায় ২৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়।

এই নাগরিকত্ব বাণিজ্যে শীর্ষস্থানে রয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন ক্রিশ্চিয়ান ক্লেইন। তার প্রতিষ্ঠান বিশ্বের ধনী ব্যক্তি ও তাদের পরিবারকে ভিন্ন দেশে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। ক্লেইনের মতে, আমাদের প্রচলিত জাতীয়তাভিত্তিক নাগরিকত্বের ধারণা পুরনো হয়ে গেছে। জন্মের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টি দক্ষ নাগরিকদের সুবিধাবঞ্চিত করে বলেও তিনি মনে করেন। চার বছর আগে ভানুয়াতু তাদের নাগরিকত্বের ব্যবস্থা পাল্টায়। বর্তমান পরিবর্তিত বাস্তবতায় দেখা গেছে, ভানুয়াতুর সরকারের আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই বিনিয়োগ নাগরিকত্ব সুবিধা দেওয়ার ফলে। এ দেশটির নাগরিকত্ব থাকলে ইউরোপের দেশগুলোতে ভিসা ছাড়াই যাতায়াত করা যায়। মাত্র ৩০ দিনের মধ্যে ভানুয়াতুর পাসপোর্ট পাওয়া যায়। কিন্তু দেশটিতে দুর্নীতি বেশি হওয়ার কারণে হেনলির মতো প্রতিষ্ঠান ওই দেশের হয়ে কোনো কাজ করে না।

নাগরিকত্ব বাজারের শীর্ষ অবস্থানে আছে হংকং। চীন শাসিত হংকংয়ের নাগরিকত্ববিষয়ক দালাল এমজে বলেন, ‘তারা চীনে নিরাপদ বোধ করেন না। ইউরোপের কোনো দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সম্পত্তি কিনতে ও ব্যবসা করতে চান তারা।’ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদার পাসপোর্ট নিতে ১ লাখ ডলার প্রয়োজন হয় বর্তমানে। এরপরই সেন্ট কিট্টি অ্যান্ড নেভিস দেড় লাখ, মন্টিনিগ্রো ২ লাখ ৭৪ হাজার, পর্তুগাল ৩ লাখ ৮৪ হাজার, স্পেন সাড়ে ৫ লাখ, বুলগেরিয়া ৫ লাখ ৬০ হাজার, মাল্টা ১০ লাখ, যুক্তরাষ্ট্রে ১০ লাখ ও যুক্তরাজ্যের বিনিয়োগ পাসপোর্টের জন্য লাগে ২৫ লাখ ডলার। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও এখন অনেক ধনীকে ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট কিনতে দেখা যাচ্ছে। যদিও তাদের কোনো তথ্য প্রকাশ করছে না বিনিয়োগ পাসপোর্ট পেতে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত