আর ঢাকা আসতে চান না আবরারের ভাই

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:২৩ পিএম

বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই, ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার ফায়াজ আর ঢাকা আসতে চান না বলে জানিয়েছেন। 

শনিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে নিজের এ সিদ্ধান্তের কথা জানান আবরার ফায়াজ।

সাংবাদিকদের আবরার ফায়াজ বলে, আমাদের দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিল। ও ছিল আমার অভিভাবক। ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল যে মা–বাবার কথা তেমন মনেই হতো না।

আবরার ফাহাদ যেদিন কুষ্টিয়া শহরের বাসা থেকে ঢাকা ফেরেন, সেদিন সকালে ঘুমিয়ে ছিলেন জানিয়ে ফায়াজ বলেন, ভাই যাওয়ার সময় মা ডেকেছিল। কিন্তু শুয়েই ছিলাম। তারপর ভাই বলল, থাক, ও ঘুমাক। দেখা তো হবেই। এরপর আমাকে বলল তাড়াতাড়ি ঢাকায় চলে আসবি। এটাই ছিল ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা ও দেখা।

ঢাকা কলেজে আর যাবেন না জানিয়ে ফায়াজ বলেন, কোনো ভয় না, আসলে সত্যি কথা যেটা, ঢাকাতে নিয়ে যাওয়া-ভর্তি, সব ছিল ভাইয়ের ইচ্ছায়। ও সব কেয়ার করত। রুমে পানি না থাকলে ভাই দিত। ও নেই, সেখানে কী করে থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত