রোহিঙ্গা সংকটের হোতা মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীকে আন্তর্জাতিক মহল এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের ‘সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস’ বিভাগ। তারা বলছে, আর এ সংকট সমাধানের দায় একতরফাভাবে বাংলাদেশকে দেওয়া হচ্ছে। আগামী ১৮ অক্টোবর নেদারল্যান্ডসের হেগে হতে যাওয়া ‘রোহিঙ্গাদের জন্য সুবিচার ও জবাবদিহিতা’ শীর্ষক আন্তর্জাতিক সভা নিয়ে গতকাল শনিবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
হেগে ওই সভায় ব্র্যাকের সহ-আয়োজক এশিয়া জাস্টিস কোয়ালিশন ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ। পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর ম্যারি টাম্বাডো, আইএসএসের রেক্টর ইঙ্গে হুটার, নেদারল্যান্ডসের সাবেক রাষ্ট্রদূত ও মিয়ানমার সংক্রান্ত কফি আনান কমিশনের সদস্য লেটেশিয়া ভ্যান ডেন আছুমের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।
