বিমানবন্দর থেকে বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০২:২৬ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে আটকের পর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের
উপ-কমিশনার মোস্তাক আহমেদ। তিনি সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।
গতকাল রাতে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা হাফিজকে পুলিশ হেফাজতে আনা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, সিঙ্গাপুর থেকে ফেরার পরপরই মেজর হাফিজকে গ্রেপ্তার করা হয়। ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। তবে আমাদের নেতাদের বিরুদ্ধে অনেক মামলা। কখন কোন মামলায় জামিনের মেয়াদ শেষ হয়ে যায় তার খেয়াল সবসময় থাকে না। এর কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হতে পারে।  
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মেজর  হাফিজের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত