ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ও দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়ার পরই চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন এবং সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় নির্বাচন একেবারেই নিরুত্তাপ। ভোটারদেরও তেমন আগ্রহ নেই।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে তাদের আগ্রহ খুবই কম। গত একাধিক নির্বাচনে তারা কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। বহিরাগতরা ভোট কেন্দ্র দখল করে সিল মেরেছে।
সদর ইউনিয়নের জগৎপুর গ্রামের আবুল কালাম নামে একজন ভোটার বলেন, ভোটের দিন সকালে ভোট কেন্দ্রের খবর নিয়ে তারপর সুষ্ঠু ও ভালো পরিবেশ থাকলে ভোট দিতে যাব। দুই ইউনিয়নের সব গ্রামের সাধারণ ভোটাররা একই ধরনের অভিমত ব্যক্ত করেন।
সাধারণ সদস্য পদের প্রার্থীরা মুখে সুষ্ঠু নির্বাচন চাইলেও নিজেদের ক্ষমতা অনুযায়ী প্রভাব বিস্তার করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম কামাল উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত উল্লা বলেন, যেহেতু বিএনপি বা অন্য কোন দলের লোক নির্বাচনে প্রার্থী হয়নি, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের সব প্রার্থীও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক। কাজেই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার সব চেষ্টাই আছে। ভোটাররা নিজের ভোট নিজেই দিতে হবে। নির্বাচনে জিততে হলে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বর্তমানে দাগনভূঞা সদর ইউনিয়নের ৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী ৩৬ জন ও ৩ নং সংরক্ষিত নারী ওয়ার্ডে চারজন প্রার্থী হয়েছেন।
রামনগর ইউনিয়নের ৮টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী ৩৭জন ও সংরক্ষিত ১ নং ও ৩ নং নারী ওয়ার্ডে দুজন করে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন- রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম কামাল উদ্দিন, ওই ইউনিয়নের ২নং সংরক্ষিত নারী ওয়ার্ডে পারভীন আক্তার, ৪নং সাধারণ ওয়ার্ডে আকবর হোসেন এবং দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত উল্লা, ওই ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডে রীনা হালিম ও ২ নং ওয়ার্ডে আমেনা বেগম এবং ২ নং সাধারণ ওয়ার্ডে মো. শাহীন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
