উইকেটকিপার হিসেবে বিচক্ষণতার পরিচয় এরই মধ্যে দিয়েছেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পেছনে দাঁড়ালে মাছি গলার জো নেই, সবসময় তিনি অ্যালার্ট। ক্যাচ হোক বা না হোক, তার গ্লাভস গলে বল বের হতে পারবে না। এটাই বাস্তবতা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে তেমনই এক নৈপুণ্য দেখালেন ঋদ্ধিমান। সুপারম্যান স্টাইলে ধরলেন অবিশ্বাস্য এক ক্যাচ।
অধিনায়ক বিরাট কোহলি তো আগেই জানিয়ে রেখেছিলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিমান। বাংলার কিপার যেন অধিনায়কের সেই কথার মান রেখে চলেছেন রোজ। পুনে টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য একটি ক্যাচ নিয়েছিলেন ঋদ্ধিমান। ফার্স্ট স্লিপের দিকে দুরন্ত গতিতে যাওয়া বল ঝাঁপিয়ে ধরেছিলেন। রোববার দ্বিতীয় ইনিংসে আরও একটি ক্যাচ ধরলেন তিনি। এবার বাঁ হাতে। সুপারম্যানের মতো বল গ্লাভসবন্দি করলেন ঋদ্ধি।
উমেশ যাদবের বলে দুরন্ত ক্যাচ নিয়ে প্রথম ইনিংসে দে ব্রুইনকে ফিরিয়েছিলেন ঋদ্ধি। দ্বিতীয় ইনিংসেও সেই উমেশ যাদবের বলে ডে ব্রুইনকেই ফেরালেন তিনি। অবিশ্বাস্য এক ক্যাচ! শুধু ক্যাচ ধরাই নয়, একাধিকবার ঝাঁপিয়ে অবধারিত বাউন্ডারি বাঁচিয়েছেন ঋদ্ধিমান।
