বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রধানমন্ত্রী বিদেশে উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু উন্নয়নের সুফল গুটিকয়েক লোকের হাতে চলে যাচ্ছে। শতকরা মাত্র পাঁচজন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে। গতকাল সোমবার দুপুরে গাজীপুরে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, ‘আমার জানা মতে এ পর্যন্ত ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। গত অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে ৫ লাখ ২৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায়।’
তিনি বলেন, ‘যারা ক্যাসিনো চালায় তারা ঋণখেলাপি, তারা দলে অনুপ্রবেশকারী, এরা দলে আসে ক্ষমতার মধু চাটার জন্য। ক্যাসিনো চালিয়ে তারা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন।’
