‘বেশিরভাগ শিশু আপনজনের কাছে যৌন নির্যাতনের শিকার’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৩:১৪ এএম

দেশে বেশিরভাগ শিশু নিকটজন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় বলে দাবি করেছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি তাদের গবেষণার এ ফলাফল তুলে ধরে।

গবেষণার মূল বক্তব্য তুলে ধরে জাতীয় কমিটির সদস্য তামান্না রহমান বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকার তথ্যমতে গত ৬ মাসে দেশে ৫৭২ শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। ধর্ষণের পর এক ছেলেসহ ২৩ শিশুকে হত্যা করা হয়েছে। যৌন হয়রানির শিকার হয়েছে ৩ ছেলেশিশুসহ ৭৫ জন।’

গবেষণায় উল্লেখ করা হয়, ‘৭৫ ভাগ শিশু যৌন হয়রানির ঘটনা ঘটে পরিবারের ঘনিষ্ঠজন, বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে। শিশু যৌন হয়রানির ঘটনাগুলো বেশিরভাগ বাড়িতে, আত্মীয় বা বন্ধুদের বাড়িতে, স্কুলে বা স্কুলে যাওয়ার পথে এবং পরিচিত পরিবেশে ঘটছে। নিম্নবিত্ত পরিবারের শিশুরা যৌন নির্যাতনের শিকার হয় বেশি। অভিভাবকরা সম্মানের কথা ভেবে শিশুদের চুপ করিয়ে রাখে।’

সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সভাপ্রধান শামীমা আক্তার বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ৫০টিরও বেশি জেলায় আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হচ্ছে।’

সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, ‘শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাকে প্রয়োজনীয় নিরাপত্তা ও নির্ভরতা দিয়ে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে হবে।’ সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সদস্য মাহবুব আলম ফিরোজ ও ঢাকা জেলা কমিটির সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত