জয়পুরহাটে ড্রাম কাটার সময় বিস্ফোরণে নিহত ১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১১:৩১ পিএম

জয়পুরহাটে ওয়েল্ডিং কারখানায় তেলের ফাঁকা ড্রাম কাটার সময় ড্রামের ভেতরে জমা গ্যাসের বিস্ফোরণে জহুরুল (২৭) নামে এক শ্রমিক নিহত ও কারখানার মালিক সাদ্দাম আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কুটিবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল উপজেলার উত্তর জয়পুর গ্রামের মৃত শুভ ম-লের ছেলে। আহত সাদ্দাম হোসেন (৩৬) দোগাছী পাঁতুরিয়া গ্রামের সামাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী উত্তম কুমার, সোহেল রানা ও কাওসার হোসেন জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে এক গ্রাহক তেলের ড্রামের মুখ কাটাতে আসেন। জহুরুল ও সাদ্দাম সেটি কাটা শুরু করেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে ড্রামের মুখের ঢাকনাটি জহুরুলের কপালে লেগে মাথার কিছু অংশ উড়ে যায়। আর সাদ্দাম ডান হাত ও মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়। জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে জহুরুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। সাদ্দামকে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত