উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ফুটবল শুরু আজ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১২:৫১ এএম

আজ ঢাকায় শুরু হচ্ছে উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইউরোপের ছোট দেশ ফারো আইল্যান্ডস, কম্বোডিয়া ও মালদ্বীপ। গত বছর থাইল্যান্ডে ইউরোপের ফুটবল সংস্থার সহায়তায় আয়োজিত এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশের কিশোররা। হয়েছিল তৃতীয়। এবার অবশ্য সেরা হওয়ার লক্ষ্যেই এই আসর আয়োজন করছে বাংলাদেশ। আজ তারা প্রথম ম্যাচে কম্বোডিয়ার মোকাবিলা করবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

 এর আগে বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে ফারো আইল্যান্ডস ও মালদ্বীপ একে অপরের মোকাবিলা করবে। চারটি দল একে অপরের বিপক্ষে খেলবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল সম্প্রতি দুটি আসরে অংশ নিয়ে সেভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি। আগস্টে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে তারা তৃতীয় হয়েছে। আর গত মাসে কাতারে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। সেই টুর্নামেন্টে খেলা দুটি দলের মাত্র তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই আসরের ২০ সদস্যের দলে। বাংলাদেশ দলের কোচ রবার্ট মার্টিন রাইলসের চোখে এই আসরটি শিষ্যদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার একটা বড় মঞ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত