দুই কোটি পাঁচ লাখ টাকা দুর্নীতির অভিযোগে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার সাবেক ব্যবস্থাপক এ এস এম আরিফুল হক কুমারকে (৬৩) গ্রেপ্তার করেছে দুদক। গত সোমবার রাত ৯টার দিকে নগরীর সিপাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার বিকেলে তাকে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
আরিফুল হক কুমার বঙ্গবন্ধু পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক।। সম্প্রতি তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেড থেকে বরখাস্ত হয়েছেন।
দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুল হক কুমার সাউথইস্ট ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার ব্যবস্থাপক থাকা অবস্থায় মামলার অপর আসামি রফিকুল ইসলাম (প্রোপ্রাইটর মেসার্স রাকা এন্টারপ্রাইজ) এর সঙ্গে যোগসাজশে জাল কাগজপত্রের মাধ্যমে ওই ব্যাংকের রাজশাহী শাখা থেকে ২ কোটি ৫ লাখ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন। উক্ত ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৮ সালে রাজশাহী মহানগর দায়রা জজ আদালত, রাজশাহীতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারের জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালতে পাঠায়।
