নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা নবীন লীগ সভাপতি গ্যারেজ মালিক কাউসার তালুকদার (২০) নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
কাউসার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে।
এ ঘটনা জড়িত সন্দেহে দুর্গাপুর উপজেলার সাবেক জেলা বিএনপির সহসভাপতি ইমাম হোসেন আবু চাঁন, পরশ ও জুলহাস উদ্দিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণপাড়া মোড় এলাকায় প্রতিদিনের মতো নিজ গ্যারেজে বসে কাজ করছিলেন কাউসার।
এ সময় কয়েকজন লোক মোটরসাইকেল মুখে গামছা বেঁধে এসে কাউসারকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে মারাত্মক আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে প্রেরণ করেন। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।
