কুষ্টিয়া ভেড়ামারা থানার এক কৃষককে হত্যার দায়ে তার দ্বিতীয় স্ত্রী ও ভাইপোসহ ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু কসাই ওরফে জাকির প্রামাণিকের ছেলে মো. শ্যামল প্রামাণিক (৪০), মৃত বাদশা আলী মন্ডলের ছেলে আসমত আলী মন্ডল (৪৩), নিহতের ভাইপো মৃত মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন (৩৮) এবং নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে কে বা কারা কৃষক হানিফ খামারুজকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মাঠের মধ্যে লাশ ফেলে যায়। খবর পেয়ে ১১ এপ্রিল সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন ভেড়ামারা থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে রহস্য উদ্ঘাটন করে ৪ আসামির বিরুদ্ধে দ:বি: ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ এনে ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘ সাক্ষ্য শুনানি করে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।
মামলাটি পর্যবেক্ষণ মন্তব্যে আদালত বলেন, ‘সম্পত্তিকে কেন্দ্র করে ও পারিবারিক দ্বন্দ্ব কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মামলটির বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিক ও আয়েশা সিদ্দিক।
