পদ্মায় নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৫:৪৯ পিএম

পদ্মায় নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাব্য সংকট নিরসন না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত থেকে নৌরুট বন্ধের এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ী ঘাট এলাকায় যাত্রী সাধারণ ও পরিবহনের শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় বুধবার সকাল থেকে কাঁঠালবাড়ী ঘাটে লঞ্চ ও সিবোর্ডে যাত্রীর চাপ অনেক বেড়ে গেছে। অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ও সিবোর্ড চলাচল করছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

গত রবিবার হতে দিনে কয়েকটি ছোট ফেরি চললেও রাতে পুরোপুরি বন্ধ ছিল চলাচল। মঙ্গলবার দুপুর থেকে পানি কমে গিয়ে নাব্য সংকট প্রকট আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঠিক কবে চলাচল স্বাভাবিক হবে, তার নিশ্চয়তা না থাকায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নৌরুট।

 

তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় এই সংকট দেখা দিয়েছে।

এদিকে ঘাটে আটকে থাকা পরিবহনগুলো পাটুরিয়া-দৌলতদিয়া রুট দিয়ে পারাপার হবার জন্য ইতোমধ্যেই কাঁঠালবাড়ী ঘাট ত্যাগ করতে শুরু করেছে।

বিআইডব্লিউটিএ'র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, চ্যানেলের খনন কাজে যারা নিয়োজিত (ড্রেজারে) কর্মকর্তা-কর্মচারী নির্দিষ্ট করে বলতে পারেননি যে কবে নাগাদ চ্যানেলটি চালু করা সম্ভব হবে। তাই বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নাব্য সংকট প্রকট হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাঁঠালবাড়ী ঘাটের বিআইডব্লিউটি’র ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, নাব্য সংকট প্রকট হওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবহন ও ট্রাক চালকদের বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী শুক্রবার থেকে শনিবারের মধ্যে কোনভাবেই চ্যানেলটি চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। চ্যানেলের নাব্য সংকট কেটে গেলে আমরা ফেরি চলাচল শুরু করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত