পেট্রল পাম্পে ৫% তেল চুরি

৪ পাম্পের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা, একটি সিলগালা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১২:১৫ এএম

যানবাহনে জ্বালানি তেল কেনার সময় পেট্রল পাম্পগুলো প্রায় ৫ শতাংশ তেল কম দেওয়ার প্রমাণ পেয়েছে বিএসটিআই। গতকাল ঢাকা ও গাজীপুরের চারটি পাম্পে অভিযান চালিয়ে এ তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ প্রতি ১০০ টাকার ডিজেল, অকটেন কিংবা পেট্রল কেনার সময় ক্রেতাকে ঠকিয়ে ৯৫ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। ক্রেতা ঠকানোর দায়ে পাম্পগুলোর বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

গতকাল বুধবার রাজধানীর মিরপুর-২-এর শাহ আলীবাগ এলাকার পেট্রল পাম্প মেসার্স স্যাম অ্যাসোসিয়েটস লিমিটেডে অভিযান চালান বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন। স্যাম অ্যাসোসিয়েটসের চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৪০ মিলিলিটার, ৫৩০ মিলিলিটার, ৫২০ মিলিলিটার ও ৫০০ মিলিলিটার তেল কম দেওয়া হয়। একইভাবে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৪০ মিলিলিটার ও ৪১০ মিলিলিটার অকটেন কম দেয়। দুটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার ও ৪৭০ মিলিলিটার পেট্রল কম দেওয়া হয়। বিএসটিআইয়ের অভিযানে গতকাল এরকম পুকুর চুরির ঘটনা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদ- আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করাসহ সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া উত্তরার আজমপুর এলাকার মেসার্স কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৫০ মিলিলিটার, ১২০ মিলিলিটার, ১৯০ মিলিলিটার ও ২০০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছিল। উত্তরা তুরাগ এলাকার মেসার্স লতিফ অ্যান্ড কোং ফিলিং স্টেশন অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলিলিটার এবং দুটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার ও ১৭০ মিলিলিটার তেল কম দেওয়া হয়।

গাজীপুরের চন্দ্রা এলাকার মেসার্স মুন স্টার ফিলিং স্টেশনের একটি অকটেন ও একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার ও ৭০ মিলিলিটার তেল কম দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত