চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ তুহিন আলী হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রতীকী অনশন করেছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে তুহিনের বাবা গোলাম রাব্বানী, মা শিরিন আকতার, স্ত্রী মৌসুমী খাতুনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
অনশনে তুহিনের স্ত্রী অভিযোগ করেন, ‘তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কউ এমন অপরাধ তিনি করেছিলেন যে তাকে আইনের আওতায় না নিয়ে হত্যা করা হলো।’ এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
গত ৮ সেপ্টেম্বর চাঁপাইবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকার মহানন্দা নদী থেকে উদ্ধার করা হয় তুহিনের লাশ। প্রথমে পুলিশ এ ঘটনায় অপমৃত্য মামলা করলেও পরে তুহিনের বাবা হত্যার অভিযোগ এনে এজাহার দেন থানায়। সদর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
