ক্যাসিনো কারবার ও চাঁদাবাজির জন্য আলোচিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মমিনুল হক সাঈদকে অপসারণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।
আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নস্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর যুক্তিসঙ্গত কারণ ছাড়াই করপোরেশনের ১৮টি সভার মধ্যে ১৩টি সভায় অনুপস্থিত ছিল। এর মধ্যে একনাগাড়ে ৩/৪ বার অনুপস্থিত থাকার ঘটনাও পাওয়া গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাউন্সিলর বিদেশে যাত্রা ও অবস্থান করেছে। উল্লিখিত বিষয়ে আত্মপক্ষ সমর্থনে জবাব প্রদানের জন্য কারণ দর্শানো নোটিস করা হয়েছিল কিন্তু কোনো জবাব দেয়নি। এরপর তার বিরুদ্ধে সরেজমিন তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োজিত করা হয়। তদন্ত কর্মকর্তা এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। যেখানে এ কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগের প্রমাণ মিলেছে। এমতাবস্থায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী কাউন্সিলর পদ থেকে তাকে অপসারণ করা হলো।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক ‘ক্যাসিনো সাঈদ’ নামে পরিচিত এই মমিনুল হক সাঈদকে এখনো সংগঠন থেকে বহিষ্কার করা হয়নি। মতিঝিল-আরামবাগ ক্লাবপাড়ায় ক্যাসিনো বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক সাঈদ অভিযান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছে। ডিএসসিসির এ কাউন্সিলরের বিরুদ্ধে আরামবাগ-ফকিরাপুল এলাকায় চাঁদাবাজি ও দখলের বিস্তর অভিযোগ রয়েছে। সাঈদের অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠরা এলাকা নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ রয়েছে।
