ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলে ভর্তির অনিয়ম তদন্তের জন্য উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ।
গত বুধবার বিকেলে অনুষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ডিন সাদেকা হালিম। তিনি বলেন, ‘সভায় অনুষদভুক্ত অধিকাংশ বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপকরা বিবিধ আলোচনায় বিষয়টি আনেন। গোলাম রাব্বানী যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছেন, তা নিয়মবহিভর্‚ত মত দিয়ে তারা পুরো ঘটনার তদন্ত চান।’
সম্প্রতি গোলাম রাব্বানীর এমফিল ভর্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়ম করেছে এমন অভিযোগ আসে। তিনি অপরাধবিজ্ঞান বিভাগের এমফিলের ছাত্র হিসেবেই ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে সাধারণ সম্পাদক হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে ভর্তি হতে চাইলে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিভাগে আবেদনের পর অ্যাকাডেমিক কমিটি, অনুষদ সভা ও বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের সভার সুপারিশের পর অ্যাকাডেমিক পরিষদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কিন্তু গোলাম রাব্বানীর ক্ষেত্রে অনুষদ সভার সুপারিশ ছিল না। এমনকি বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ ও অ্যাকাডেমিক পরিষদের নিয়মিত যে এজেন্ডা, সেখানেও তার নাম ছিল না।
