বলিউড তারকা অক্ষয় কুমারের একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। চলছে তীব্র ট্রোলিং।
অক্ষয় কুমার মন্তব্য করেছিলেন, ‘চুপসানো আমের মতো রুগ্ন চেহারার অভিনেত্রীদের পছন্দ নয়। আমার একটু মোটাসোটা স্বাস্হ্যবান অভিনেত্রীই বেশি পছন্দ।’
তার এ মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও এ মন্তব্যটি সম্প্রতি করেননি অক্ষয় কুমার। ২০১২ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষি সিনহার সম্পর্কে বলতে গিয়ে এ মন্তব্য করেন বলিউড তারকা।
কয়েকদিন আগে কেউ একজন সাক্ষাৎকারের ওই ভিডিওটি খুঁজে পান এবং আবার ছড়িয়ে দেন। আর তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
শরীর নিয়ে কটূক্তি ও নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের কারণে অনেকে নিন্দা করছেন অক্ষয় কুমারের।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত সোনাক্ষি সিনহাকে ময়দানে নামতে হয়।
তিনি বলেন, ‘যারা ট্রল করেন, তাদের কাজই এটা। অক্ষয় যা বলেছে, আমার সম্পর্কে বলেছে। তাতে আমার কোনো সমস্যা নেই। আপনাদের কেন সমস্যা হচ্ছে? আমি দীর্ঘদিন অক্ষয়ের সঙ্গে কাজ করছি, আমি ওকে খুব ভাল করে চিনি। নারীদের একেবারেই অপমান করতে চায়নি অক্ষয়। বলিউডে আমি যখন প্রথম পা রাখি, আমার শরীর নিয়ে তীব্র কটূক্তি করা হয়েছিল। আমায় অপমান করা হয়েছিল। আমি নিজের ওজনও কমিয়েছিলাম। অক্ষয় যে কথাগুলো বলেছেন, তার কিছু কারণ ছিল।’
অক্ষয় ও সোনাক্ষি অভিনীত দাবাং ৩ মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বর।
এ ছবিতে সালমান খানের দুটি লুক দেখা যাবে। প্রথম যুবক চুলবুল পান্ডে ও দ্বিতীয় পুলিশ অফিসার চুলবুল পাণ্ডেকে। চরিত্রের ফ্লাশব্যাক অংশটিই ছবির মূল আকর্ষণ।
প্রভু দেবা পরিচালিত এই ছবিতে রয়েছেন আরবাজ খান ও মাহি গিল। এ ছাড়া থাকছেন দক্ষিণী সুপারস্টার সুদীপও।
