জার্মানিকে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৩:২০ এএম

দমন-পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারকে চাপ দিতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বার্লিনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার জবাবদিহি নিশ্চিত করতে দেশটির সহায়তা চেয়েছেন ড. মোমেন। বৈঠককালে তিনি গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত চার দফা তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনতাত্ত্বিক সুবিধা ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য আকর্ষণীয় সুবিধা পেতে জার্মান উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া তিনি বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন প্রদানের আশ্বাস দেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জার্মানির ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টমন্ত্রী ড. গ্রেড মুয়েলারের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে মোমেন গ্রামীণ উন্নয়ন, প্রাথমিক শিক্ষা, বেসরকারি খাতের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার মতো খাতে বাংলাদেশকে জার্মানির উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন। দেশে তৈরি পোশাকশিল্পের কারখানা নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উল্লেখ করে ড. মোমেন বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ইস্যুতে বাংলাদেশ অসামান্য উন্নয়ন অর্জন করেছে।

বৈঠকে উপস্থিত বিজিএমইএ সভাপতি রুবানা হক টেক্সটাইল পণ্যের ব্যাপারে পরিবেশ ও সামাজিক সচেতনতা নিয়ে জার্মানির ‘সবুজ বোতাম’ উদ্যোগে বিজিএমইএর যোগদানের আগ্রহের কথা জানান। ড. মুয়েলার বাংলাদেশের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী জার্মান বিভিএমডব্লিউর প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড এসএমইর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মারিও ওহোভেন এবং জার্মান সরকারের গবেষণা ইনস্টিটিউট ফ্রেডরিক এভার্ট- স্টিফটাংয়ের (এফইএস) মহাসচিব ড. রোল্যান্ড স্মিডটের সঙ্গেও বৈঠক করেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ড. মোমেন অর্থনৈতিক কূটনীতি জোরদার এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য চারটি ইউরোপিয়ান দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি ও গ্রিসে দুই সপ্তাহের সফরে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত