খড়কুটো আঁকড়ে ধরা ঐক্যফ্রন্ট জনগণের সাড়া পাচ্ছে না: তথ্যমন্ত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৭:৩৫ পিএম

‘খড়কুটো আঁকড়ে ধরা ঐক্যফ্রন্ট জনগণের সাড়া পাচ্ছে না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (ঐক্যফ্রন্ট) যে সমাবেশ করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় মানববন্ধন করতে যাচ্ছেন এ জন্য তাদের অভিনন্দন। কারণ, আমরা চাই রাজপথে এবং সংসদে শক্তিশালী বিরোধী দল থাকুক। কিন্তু বিষয়টা হচ্ছে, তারা এ সব সভা-সমাবেশ করে জনগণের কোনো সাড়া পাচ্ছে না কোনো ইস্যুও খুঁজে পাচ্ছে না। ছাত্র এবং অন্যান্য ইস্যু নিয়ে খড়কুটো আঁকড়ে ধরে তারা রাজনীতির মাঠে থাকার চেষ্টা করছে। কিন্তু জনগণের কোনো সাড়া না পেলেও তারা যে মাঠে নামার চেষ্টা করছে এ জন্য তাদের ধন্যবাদ।’

রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত সরকারি প্রচার কার্যক্রমে উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে জেলা তথ্য অফিসারদের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্যসচিব আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।

‘সরকারের দেশ পরিচালনার নৈতিক অধিকার নেই’ বিএনপির এ মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে পরপর তিন তিনবার আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছি। বিএনপি তো ২০০৮ সালের নির্বাচনের পর থেকে বলে আসছে দেশ পরিচালনায় সরকারের কোনো নৈতিক অধিকার নেই। বিএনপির এটি কোনো নতুন কথা নয়, এটি পুরনো বুলি। পুরনো ঢোলই তারা বাজাচ্ছে, এই ঢোল আমরা গত ১১ বছর থেকে শুনে আসছি।’

সাংবাদিকরা এ সময় রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনে আমিও বিষয়টি দেখেছি, তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তাধীন বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘যারা ক্যাসিনো পরিচালনা করত তাদেরকেই ধরা হয়েছে। সবাই দুর্নীতিবাজ। ক্যাসিনো অবৈধ। বড় বড় রাঘব-বোয়ালকেই ধরা হয়েছে। এখন আরো অনেকের নাম আসছে। যারা অভিযোগগুলো করছেন, বড় বড় কথা বলছেন, তাদের নামও আসছে। এটি চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে পরিশুদ্ধ করার জন্য, দেশ থেকে অনিয়ম দূর করার জন্য সব পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে দায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও দেশব্যাপী ৬৮টি তথ্য অফিসের প্রতিনিধি কর্মশালায় যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত