নগরীর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদকে প্রধান করে গত শনিবার রাতে এ কমিটি করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, তদন্ত প্রতিবেদন পেলে এই মার্কেটের অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গত শনিবার ভোররাতে জহুর হকার্স মার্কেটের ভেতরে গড়ে ওঠা জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন দুই মার্কেটেই ছড়িয়ে পড়ে। এতে ১৩২টি দোকান পুড়ে যায়। জালালাবাদ মার্কেটের সভাপতি আবদুল আজিজ বলেন, ‘আগুনে ৫০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।’
এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড অফিসার-২ প্রকৌশলী মো. শামীম জানিয়েছেন, সিডিএর অনুমোদন ছাড়াই পৌর হকার্স মার্কেট নির্মিত হয়েছে। যেখানে ভবন নির্মাণে কোড মানা হয়নি।
