স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১১:০৩ পিএম

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় গৃহবধূ মাসুদা বেগমকে হত্যাচেষ্টা ও দেড় মাসের কন্যা হ্যাপিকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা হাবিবুর রহমানের (৫০) বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়ায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ অভিযোগে গতকাল রবিবার সকালে মাসুদা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে মাসুদা উল্লেখ করেছেন, তার দোকানি স্বামী হাবিবুর রহমান আগে একটি বিয়ে করেন। ওই সংসারে স্ত্রী হাছিনা আক্তার নাজমা ও তাদের চার ছেলেমেয়ে আছে। তিন বছর আগে তাদের ছাড়াছাড়ি হলে মাসুদাকে বিয়ে করেন হাবিবুর। বর্তমান সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের কিছু দিন পর থেকে স্বামী ও তার আগের স্ত্রী প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। কয়েকবার সালিশের মাধ্যমে এসব অভিযোগ স্থানীয়রা মীমাংসা করে দিলেও নির্যাতন থেমে থাকে না। গত শনিবার রাতে দোকান থেকে ঘরে ফিরে মাসুদাকে গালিগালাজ ও মারধর করেন হাবিবুর। কিছুক্ষণ পর তার আগের স্ত্রী হাছিনা ও তার ছেলে রানা (২৫), রবি (১২) ও মেয়ে চৈতীসহ অজ্ঞাত লোকজন এসে তাকে মারধর করে। এরপর তাকে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ দিয়ে কার্টনে ভরে নদীতে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তারা। এ সময় বাড়িওয়ালা সাইফুল ইসলামের স্ত্রী সুরাইয়া ও আশপাশের লোকজন দরজা ভেঙে মাসুদাকে উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন হাবিবুর রহমান, তার প্রথম স্ত্রী ও সন্তানদের আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ওই রাতে মুচলেকা নিয়ে হাবিবুরসহ অন্যদের ছেড়ে দেয় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত