সাপ্লাই চেইন গতিশীল রাখতে বিকাশের সাপ্লায়ারদের আর্থিক সহায়তা দেবে আইপিডিসি। এ বিষয়ে গতকাল গুলশানে হোটেল দি ওয়েস্টিনে এক চুক্তিতে স্বাক্ষর করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির। এ সময় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান দাউদ শামস এবং বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মইনউদ্দিন মোহাম্মদ রাগির, হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মদ রাশেদুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদির বলেন, ‘সাপ্লাই চেইন ফাইন্যান্সিংয়ের মার্কেট লিডার আইপিডিসি ফাইন্যান্সের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, এই সহযোগিতামূলক সম্পর্ক আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সমাজের যেকোনো ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চুক্তির মাধ্যমে আমরা বিকাশের সাপ্লাই চেইন কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল রাখতে সক্ষম হব, যাতে করে বিকাশ তাদের গ্রাহকদের আরও বেশি শক্তিশালী করতে পারে।
