নড়াইলে জনযুদ্ধ পরিচয়ে চাঁদা দাবি, হত্যার হুমকি

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৫ এএম

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অন্তত ২০ জন শিক্ষকের কাছে বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম জনযুদ্ধ) পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাদের এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

গতকাল রবিবার বিভিন্ন সময়ে জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার হাতকাটা বিপ্লব পরিচয়ে ০১৯৪৭৯০৮৯৯৮ নম্বরের মোবাইল ফোন থেকে এ হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এম আবদুর রহিমসহ দর্শন বিভাগের অপর শিক্ষক আবুল হাসনাত খান, অর্থনীতি বিভাগের এহসানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফদার সাজ্জাদ হোসেন টিপু ও প্রসেনজিৎ দাস, উদ্ভিদবিদ্যা বিভাগের শিমুল কুমার ভক্ত, রসায়ন বিভাগের হাসানুজ্জামানসহ কলেজের অন্তত ২০ শিক্ষকের কাছে জনযুদ্ধ পরিচয়ে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পরে বিকাশ নম্বর দেওয়া হবে এবং সেই নম্বরে টাকা দেওয়ার জন্য কড়াভাবে বলা হয়েছে।

শিক্ষক তরফদার সাজ্জাদ হোসেন টিপু অভিযোগ করেন, কলেজে অবস্থানকালে ১১টা ২৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হয়। বিভিন্ন শিক্ষকের কাছে ফোন করার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম বলেন, চাঁদা দাবির ঘটনায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম) সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে।

নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, থানায় জিডির পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত