জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১২:২০ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগ নামধারী ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীম (৫৫) ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়ার (৪৬) বিরুদ্ধে গতকাল সোমবার পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে শামীমের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় তার মা আয়েশা আক্তারকেও আসামি করা হয়েছে। খালেদের বিরুদ্ধে মামলা হয়েছে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলের অভিযোগে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলা দুটি করা হয়েছে বলে সেখানকার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম

 দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জি কে শামীমের করা মামলার বাদী কমিশনের উপপরিচালক মো. সালাহউদ্দিন আর খালেদের মামলার বাদী অন্য উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গত ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন গ্রেপ্তার হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ। পরে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। এর দুদিন পর গ্রেপ্তার হন জি কে শামীম। গ্রেপ্তারের পরই খালেদের বিরুদ্ধে অস্ত্র, মানি লন্ডারিং, মাদকদ্রব্য, অবৈধ ক্যাসিনো পরিচালনাসহ নানা অভিযোগে চারটি মামলা করে র‌্যাব। আর শামীমের বিরুদ্ধে তিনটি মামলা করে অস্ত্র, মাদকদ্রব্য ও মানি লন্ডারিং আইনে। এসব মামলার বাইরে গতকাল তাদের বিরুদ্ধে মামলা করল দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত