সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সোমবার এ আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল
বেঞ্চ। এ মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছিলেন মির্জা আব্বাস। তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। অ্যাডভোকেট খুরশিদ আলম খান দেশ রূপান্তরকে জানান, মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে ছিল।
গত ১৩ মে এ মামলা বাতিলে মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিল আদালত।
মামলার নথি অনুযায়ী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে ২০০৬ সালে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ মামলাটি করে দুদক। তদন্ত শেষে প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মির্জা আব্বাসসহ পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৫ সালের ১১ ফেব্রæয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০১৬ সালের ৮ ডিসেম্বর মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন মির্জা আব্বাস।
