দেশের বাইরে থেকে বিভিন্ন বন্দর দিয়ে আসা ফলে রাসায়নিকের মাত্রা পরীক্ষার জন্য বন্দরগুলোতে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে তা এনবিআরকে (জাতীয় রাজস্ব বোর্ড) জানাতে বলা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের রায়ে বলা হয়, যেসব বন্দর দিয়ে ফল আমদানি হয় সেখানে রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করতে হবে। একই সঙ্গে রাসায়নিক পরীক্ষাগারে ফল পরীক্ষা করে ছাড়পত্র দিতে হবে। তবে, আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় গতকাল এনবিআরের প্রতি উষ্মা প্রকাশ করে হাইকোর্ট।
